সিলেট চেম্বারের উপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী আরিফ: খুঁজে পেলেন না সিসিক প্রশাসককে
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১১
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসককে খুঁজে পাননি।
মন্ত্রী বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হওয়ার কথা থাকলেও গত ১৭ থেকে ১৮ বছরে সেখানে প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব সেভাবে প্রতিফলিত হয়নি। বিভিন্নভাবে পকেট কমিটির মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কমিটি গঠন করা হলে ব্যবসায়ীরা তাদের প্রকৃত নেতৃত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট মহানগরের একটি কনভেনশন হলে মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ ইতোমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা সিলেট চেম্বারের তুলনায় কোনো অংশে পিছিয়ে নয়। এ সংগঠনটি যদি কার্যকর ভূমিকা রাখতে পারে, তাহলে জেলা চেম্বারও তা করতে সক্ষম বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সিলেট একটি রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির নগরী। এখানে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে কোনো বাধা থাকার কথা নয়। প্রবাসী অধ্যুষিত ও পর্যটননির্ভর এ অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং এতে তাদের উৎসাহ কমে যেতে পারে। এ বিষয়টি একটি শৃঙ্খলার মধ্যে এনে নিয়মের আওতায় পরিচালনা করা প্রয়োজন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ চাইলে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে তুলে বড় ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব। ব্যবসায়ীরা সম্মিলিতভাবে শিল্পকারখানা স্থাপন বা নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে চাইলে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এসময় মন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর খোঁজ করেন এবং বলেন, প্রশাসক উপস্থিত থাকলে আরো ভালো হতো। পরে তাকে জানানো হয়, তিনি অনুষ্ঠানের আগের পর্বে উপস্থিত ছিলেন। ফলে অনুষ্ঠানে তাকে আর পাওয়া যায়নি।
