তাইজুল ইসলাম
ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। অফ ফর্মে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ছাড়াই একাদশ সাজানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
তবে সিলেটের মাঠেই সর্বশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়েছিলেন তাইজুল। সেই পারফরম্যান্সও বিবেচনায় রাখবে দল।
তাইজুলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোচ ফিল সিমন্স। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি এই স্পিনার সর্বশেষ চার টেস্টে পেয়েছেন মাত্র ৫ উইকেট। গত জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রানে ৭ উইকেট নেওয়ার পর থেকেই ছন্দ হারিয়েছেন তিনি। এর মধ্যে বাঁ কাঁধের চোটও ভুগিয়েছে তাকে।
সিলেট টেস্টের আগে সিমন্স বলেন, ‘তাইজুলের ফর্ম আমাদের জন্য অনেক বড় উদ্বেগের বিষয়। সে দলের অন্যতম প্রধান স্পিনার, আমাদের বড় অস্ত্র। তার ফর্ম নিয়ে আলোচনা করলে সে নিজেও উদ্বিগ্ন থাকে, দলও চিন্তিত হয়।’
তাইজুলকে ছাড়াই একাদশ সাজানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি কোচ। সে ক্ষেত্রে বাঁহাতি স্পিনার ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে। সিমন্স বলেন, ‘এমন কিছু নিয়েও আমাদের ভাবতে হবে। একটু পর এ বিষয়ে আলোচনা করব।’
সর্বশেষ ২০১৫ সালে দেশের মাটিতে টেস্ট একাদশের বাইরে ছিলেন তাইজুল। দেশের বাইরে তুলনামূলক কম সুযোগ পেলেও ঘরের মাঠে বাংলাদেশের বোলিং আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তবে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন ব্যাটিং নিয়ে। ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার রোস্টন চেজ, জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপের বিপক্ষে দুই ইনিংসে ১৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের স্পিনাররা পেয়েছেন মাত্র ৮ উইকেট, সবগুলোই প্রথম ইনিংসে।
প্রতিপক্ষের স্পিনারদের বিপক্ষে ব্যাটিংয়ের ধরন বদলানোর তাগিদ দিয়েছেন সিমন্স। তাঁর মতে, রান করা, রক্ষণ সামলানো এবং ব্যাটিংয়ের কৌশল—সব ক্ষেত্রেই উন্নতি করতে হবে।
তিনি বলেন, ‘আমরা নিজেদের দায় নিচ্ছি। যতটা ভালো ব্যাটিং করার সামর্থ্য ছিল, তা করতে পারিনি। ওরা ভালো বোলিং করেছে, এটাই টেস্ট ক্রিকেট। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। কীভাবে খেলব, কীভাবে রান করব, কীভাবে রক্ষণ সামলাব- সবকিছুতেই প্রথম টেস্টের চেয়ে ভালো করতে হবে।’
এদিকে কনকাশনের কারণে সিলেট টেস্টে খেলতে পারবেন না মুমিনুল হক। তাঁর জায়গায় আবারও তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আঙুলের চোট কাটিয়ে একাদশে ফিরছেন মুশফিকুর রহিম।
মুমিনুলের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে সম্প্রতি নিজের তৃতীয় প্রথম শ্রেণির দ্বিশতকও করেছেন এই ব্যাটার।
তবে সিলেট টেস্টের একাদশে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা কম। এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে যেভাবে খেলছে, পরের সুযোগে আন্তর্জাতিক পর্যায়েও সেভাবে পারফর্ম করতে হবে। দুই স্তরের ক্রিকেটের মধ্যে পার্থক্য আছে। এখন তাকে প্রমাণ করতে হবে, এই পর্যায়েও সে ভালো করতে পারে।’
