শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20442

international

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১৭:৫৬

আপডেট

১০ নভেম্বর ২০২৬ ১৮:২২

আন্তর্জাতিক

শর্তসাপেক্ষে বিদেশি কর্মী নিয়োগে সম্মতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৭:৫৬

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পাম তেল আহরণের কাজে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এ অনুমোদনের ক্ষেত্রে বাগান কোম্পানিগুলোকে যান্ত্রিকীকরণে বিনিয়োগ এবং বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা পর্যায়ক্রমে কমানোর অঙ্গীকার করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।

সম্প্রতি এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় আনোয়ার ইব্রাহিম বলেন, পাম তেল শিল্পে শ্রমিকের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে পাম ফল আহরণের কাজে এখনো ব্যাপকভাবে মানুষের শ্রমের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে এ নির্ভরতা কমাতে কোম্পানিগুলোকে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

এক শিল্পপ্রতিনিধির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ওই প্রতিনিধি জানান, বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদনে বিলম্ব হলে আগামী বছর পাম তেল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সার প্রয়োগ ও আগাছা নিয়ন্ত্রণের কাজে ইতোমধ্যে যন্ত্রপাতি ব্যবহার করা হলেও পাম ফল সংগ্রহের ক্ষেত্রে এখনো মূলত শ্রমিকদের ওপর নির্ভর করতে হচ্ছে।

জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিয়োগের আবেদন পর্যালোচনা করবেন তিনি। তিনি বলেন, ‘যদি নির্দিষ্টভাবে পাম ফল আহরণের জন্য বিদেশি কর্মী প্রয়োজন হয়, তাহলে ঠিক আছে, আমরা অনুমোদন দেব। তবে একই সঙ্গে আপনাদের অঙ্গীকার করতে হবে, যান্ত্রিকীকরণের মাধ্যমে বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমিয়ে আনবেন।’

প্রধানমন্ত্রী বলেন, পাম তেল বাগান পরিচালনাকারী অনেক কোম্পানি ভালো মুনাফা করলেও আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহারে প্রয়োজনীয় বিনিয়োগ করছে না। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি। একই সঙ্গে বিদেশি কর্মীদের শোষণ এবং তাঁদের অস্বাস্থ্যকর ও নিম্নমানের আবাসনে রাখার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও সতর্ক করেন তিনি।

কৃষি খাতের বৃহত্তর সংস্কারের প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম ক্ষুদ্র কৃষকদেরও আধুনিকায়ন কার্যক্রমের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, শুধু ভর্তুকি ও সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কৃষকদের মধ্যে দীর্ঘমেয়াদি নির্ভরশীলতা তৈরি করতে পারে। তাই কৃষি উৎপাদন বাড়াতে প্রযুক্তি, দক্ষতা ও আধুনিক ব্যবস্থাপনার প্রসার ঘটাতে হবে।

এদিকে দেশটির কৃষি ও খাদ্যনিরাপত্তামন্ত্রী মোহাম্মদ সাবু জানিয়েছেন, গত দুই বছরে মালয়েশিয়ার অর্থনীতিতে কৃষি খাতের অবদান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, ‘গত দুই বছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান ৫০০ কোটি রিঙ্গিতেরও বেশি বেড়েছে।’

মন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা, বিশেষ করে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা তরুণেরা আধুনিক কৃষি খাতে ক্রমেই আগ্রহী হয়ে উঠছেন। তাঁদের কেউ কেউ জলজ চাষ এবং উচ্চমূল্যের ফসল উৎপাদনের মাধ্যমে কোটিপতি হয়েছেন।

মালয়েশিয়ার পাম তেল শিল্পে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদন অব্যাহত রাখা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই সরকারের এ অবস্থানকে দেখা হচ্ছে।