‘নিষিদ্ধ ছাত্রলীগের’ নৈরাজ্য ঠেকাতে শেরপুরে রাত জেগে পাহারা দিল ছাত্রদল
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ২০:৩৭
ছবি: সংগৃহীত
‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে রাতভর অবস্থান নিয়ে পাহারা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে শহরের থানা মোড় থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, শেরপুর সরকারি কলেজ ছাত্রদল, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল ও তাতালপুর বিএম কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন।
জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল বলেন, ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে শেরপুরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। জেলায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
