ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছিল পুলিশ। তবে থানায় নেওয়ার পথে স্থানীয়দের বাধার মুখে তাঁকে নিয়ে যেতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত আটক ওই নেতাকে ছাড়াই ফিরতে হয় পুলিশকে।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাগুল বাজারের একটি ফার্মেসিতে বসেছিলেন কানাইঘাট ছাত্রলীগ নেতা শাহিদ রানা। তাঁর অবস্থানের খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ তাঁকে হাতকড়া পরায়। পরে সেখান থেকে নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা পুলিশের গতিরোধ করেন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়াপরা অবস্থায় শাহিদ রানাকে ছিনিয়ে নেন তাঁরা।
তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে শাহিদ রানাকে আটক করতে গিয়েছিল পুলিশ। কিন্তু স্থানীয়রা বাধা দেওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশের হাত থেকে হাতকড়াপরা অবস্থায় তাঁকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অবশ্য অস্বীকার করেছেন ওসি।
