‘ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে?’, ট্রাইব্যুনালে ফোনালাপের চাঞ্চল্যকর দাবি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৯:৪৮
ছবি: সংগৃহীত
ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন তথ্য তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। এক সাক্ষীর জবানবন্দির বরাতে আদালতে উপস্থাপন করা হয়েছে কথিত একটি ফোনালাপ। সেখানে জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে?’ রাষ্ট্রপক্ষের দাবি, এই কথোপকথনে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দির বরাতে কথিত এই ফোনালাপের বিবরণ আদালতে তুলে ধরা হয়। ইমরুল কায়েস একসময় জিয়াউল আহসানের ব্যক্তিগত বডিগার্ড বা রানার হিসেবে দায়িত্ব পালন করতেন।
রাষ্ট্রপক্ষের দাবি, ইলিয়াস আলীকে অপহরণের পরিকল্পনা এবং পরবর্তী সময়ে এ ঘটনায় জিয়াউল আহসানের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই সাক্ষী।
মহাখালী ফ্লাইওভারে অভিযানের প্রস্তুতির অভিযোগ
ইমরুল কায়েসের জবানবন্দি অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফসহ কয়েকজন মহাখালী ফ্লাইওভারের দিকে যান।
কোথায় যাচ্ছেন কিংবা কাকে গাড়িতে তুলে নেওয়া হবে, সে বিষয়ে ইমরুল কায়েসের কোনো ধারণা ছিল না বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। তবে তিনি দেখতে পান, গাড়িতে বসে জিয়াউল আহসান বিভিন্ন জায়গায় ফোন করছেন এবং নির্দিষ্ট একজন ব্যক্তি কখন সেখানে আসবেন, তা জানতে চাইছেন।
একপর্যায়ে তারা জানতে পারেন, সেদিন ওই ব্যক্তি সেখানে আসবেন না। পরে জিয়াউল আহসানকে বাসায় নামিয়ে দিয়ে ফিরে যান তারা। এরপর নয় দিনের ছুটিতে চলে যান ইমরুল কায়েস।
ছুটিতে থাকা অবস্থায় গণমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন, বিএনপি নেতা ইলিয়াস আলী মহাখালী সেতু এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। একই সঙ্গে নিখোঁজ হন তাঁর গাড়িচালক আনসার আলী।
কর্মস্থলে ফিরে দেখেন অস্বাভাবিক পরিস্থিতি
সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে র্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান ইমরুল কায়েস। সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলার অভিযোগ রয়েছে।
এ ছাড়া নিয়মিত ফল-ইন বা রোল কলের সময়সূচিতেও পরিবর্তন দেখতে পান তিনি। সাধারণত সকাল ৯টায় ফল-ইন অনুষ্ঠিত হলেও ১৮ এপ্রিল থেকে তা সকাল ৭টায় শুরু হচ্ছিল। জিয়াউল আহসানও পরপর কয়েক দিন ওই ফল-ইনে উপস্থিত ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়।
একদিন ফল-ইনের সময় জিয়াউল আহসান ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁর ফোনে আরেকটি কল আসে। তখন অপর প্রান্তের ব্যক্তিকে তিনি বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’
এরপর তারেক স্যারের সঙ্গে তাঁর কথোপকথন হয় বলে সাক্ষীর জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।
কথিত ফোনালাপে ইলিয়াস আলীকে গুমের প্রসঙ্গ
ইমরুল কায়েসের জবানবন্দির বরাতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে জানান, জিয়াউল আহসান ফোনে তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে কথা বলছিলেন।
সেই কথোপকথনে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’
রাষ্ট্রপক্ষের দাবি, এখানে ‘গলফ’ শব্দটি গুমের সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, ইমরুল কায়েস এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তিনি নিজ কানে জিয়াউল আহসান ও তারিক আহমেদ সিদ্দিকের কথোপকথন শুনেছেন। রাষ্ট্রপক্ষের মতে, এই ফোনালাপে ইলিয়াস আলীকে গুমের বিষয়ে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তিমূলক উপাদান রয়েছে।
জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে ধরে বলেন, তাঁর মতো অপরাধীর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল।
এ মামলায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
গুম ও হত্যার অভিযোগের পক্ষে একাধিক সাক্ষীর জবানবন্দি এবং অন্যান্য তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এদিকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দলটির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের অবস্থান বা পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মামলায় এই নিখোঁজের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।
