ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সানারপাড় ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে নিরাপদে সরে যান ১৬ যাত্রী। এতে কেউ হতাহত হননি। তবে বাসের পেছনের আসন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। তবে যাত্রীদের দ্রুত বাস থেকে নামিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেঘলা পরিবহনের বাসটি গাউছিয়া থেকে ঢাকার কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন। যাত্রাপথে দুই যুবক বাসের পেছনের দিকে যান। এর কয়েক মিনিট পরই বাসের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। ওই দুই যুবকও বাস থেকে নেমে চলে যান।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসটির পেছনের আসন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
