নবীগঞ্জ
কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: `ওয়াহিদ এন্টারপ্রাইজ’-কে ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৫৩
ছবি: সংগৃহিত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ‘ওয়াহিদ এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আনুমানিক নয় হাজার ঘনফুট উত্তোলিত বালু, একটি নৌকা ও লোড ট্রেজার ড্রেজার মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম এর নেতৃত্বে বিবিয়ানা পাওয়ার প্লান্ট সংলগ্ন তাজাবাদ মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। মাঠ পর্যায়ে সহযোগিতা করেন ইনাতগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম তারেক এবং ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সবুজসহ অন্যান্য সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে দেখা যায়, নদীর মাঝখানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে ‘ওয়াহিদ এন্টারপ্রাইজ’। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ঘটনাস্থলেই জরিমানা আরোপ ও মালামাল জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কুশিয়ারা নদীতে এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পানি উন্নয়ন বোর্ডের ৫৭৩ কোটি টাকার প্রকল্প হুমকির মুখে পড়ে গেছে। এ প্রকল্পটি বিবিয়ানা পাওয়ার প্লান্ট সুরক্ষায় বাস্তবায়ন করা হচ্ছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পরিবেশ ও সরকারি প্রকল্প রক্ষায় নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয়রা প্রশাসনের এ কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি।
