ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৪২টি দল একটি আসনও পায়নি। এখন পর্যন্ত ২৯৭টি আসনের ফল ঘোষণা হয়েছে। তিনটি আসনের ফল এখনও ঘোষিত হয়নি, একটি আসনে ভোট স্থগিত রয়েছে এবং দুটি আসন আইনি জটিলতায় আটকে আছে।
ফল বিশ্লেষণে দেখা গেছে, ছোট দলগুলোর বড় পরাজয় হয়েছে। ৫১ দলের মধ্যে মাত্র ৯টি দল সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে।
সবচেয়ে বেশি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যারা ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। ১১ দলীয় জোটের মধ্যে জাতীয় পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়লাভ করেছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে।
অন্যান্য দলের মধ্যে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস একটি করে আসন পায়। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছে।
ফল বিশ্লেষণে দেখা গেছে, অনেক দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলীয় প্রতীকে প্রার্থী ছিলেন ১,৭৫৫ জন, যার মধ্যে ৬৩ জন নারী ও ১,৬৯২ জন পুরুষ। স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৩ জন, যার মধ্যে ২০ জন নারী ও ২৫৩ জন পুরুষ।
যেসব দল একটি আসনও পায়নি তাদের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বিএনএফ, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিএমজেপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ (মার্কসবাদী), জনতা দল, আম জনতা দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি এবং বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি কোনো আসন পায়নি।
এই নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়েছে যে, প্রধান রাজনৈতিক দলগুলোই সংসদে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখছে, আর ছোট দলগুলোর প্রতীকী উপস্থিতি খুব সীমিত রইল।
