https://www.emjanews.com/

13824

national

প্রকাশিত

১৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০২

জাতীয়

নতুন সংসদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি

দেশজুড়ে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০২

ছবি: জাতীয় সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা আগামী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র।

গেলো বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের পর শুক্রবার রাতে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে। জাতীয় সংসদ সচিবালয়ও শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ ভবনের শপথকক্ষেই অনুষ্ঠানের আয়োজন হবে।

জাতীয় সংসদ সচিব কানিজ মওলা শনিবার জানান, আপাতত ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া দলের শরিকরা আরও তিনটি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে, জামাত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।