ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানান, ‘নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।’
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার থেকেই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়।
দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
বঙ্গভবন সূত্র জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব।
নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংসদীয় বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় দলের সংসদীয় নেতা নির্বাচন করা হবে।
এরপর সংসদীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদে দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি অবহিত করবেন এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন জানাবেন।
রাষ্ট্রপতি সংসদীয় নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন দেবেন। রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হয়।
শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করে। এতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে। বাকি আসনগুলোতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
