https://www.emjanews.com/

13855

sylhet

প্রকাশিত

১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৪০

সিলেট

সিলেটে বিপুল পরিমাণ বি স্ফো র ক উ দ্ধা র

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৪০

সিলেটের জকিগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। র‌্যাব-৯ এবং বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

র‌্যাব-৯ এর সদর কোম্পানি, সিলেট এবং ১৯ বিজিবি এর একটি যৌথ আভিযানিক দল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্ট সংলগ্ন রায়গ্রাম যাত্রী ছাউনির আশপাশে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে।

সংবাদ পাওয়ার পর রাত আনুমানিক ১টা ২০ মিনিটে যৌথ দলটি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশিকালে যাত্রী ছাউনির পেছনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল এবং ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর জিডি মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত বছরের ৫ আগস্ট থেকে অদ্যাবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪৩টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ২৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল, ১৩৭টি এয়ারগান এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব অভিযানের ফলে বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে।