https://www.emjanews.com/

13871

sylhet

প্রকাশিত

১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৫৭

সিলেট

চুনারুঘাটে দীর্ঘস্থায়ী যানজটে জনদুর্ভোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৫৭

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদাসীনতায় দীর্ঘদিন ধরে যানজটের ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। যানজট নিরসনে সময়োচিত কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার সড়কে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকাল, দুপুর ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। রিকশা, সিএনজি, অটোরিকশা, বালুবাহী ট্রাক ও পণ্যবাহী যানবাহনের অবাধ চলাচল এবং সড়কের দুই পাশে অবৈধ দখলের কারণে যানজট আরও তীব্র হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বাজার এলাকার সড়কের দুই পাশে ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে। এছাড়া এলোমেলোভাবে যানবাহন পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সও অনেক সময় দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে।

ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে ক্রেতাদের আগমন কমে গেছে। এতে বেচাকেনায় নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে সাধারণ যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এতসব সমস্যার পরও উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সচেতন মহলের দাবি, দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে যানজট পরিস্থিতির উন্নতি সম্ভব।

এ বিষয়ে জিয়াউর রহমান, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমরা যানজট নিরসনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

উপজেলাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রশাসনের কার্যকর উদ্যোগে চুনারুঘাটের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে।