ছবি: আরিফুল হক চৌধুরী।
আগামীকাল ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়াম-এ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান। একই সময়ে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা-য় এ কার্যক্রমের উদ্বোধন করবেন আরিফুল হক চৌধুরী। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার বাস্তবায়নের পথে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে জুড়ী উপজেলায় ১ হাজার ১০০ জন কৃষক এই কার্ড পাবেন।
সরকার আগামী চার বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ কর্মসূচির জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৮১ কোটি টাকা।
এই কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধখামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষি বিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। পেশাজীবী হিসেবে কৃষকের স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১ হাজার ৫৫০ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করেছে সরকার। প্রকৃত কৃষক শনাক্ত করতে ভূমিহীন (৫ শতাংশের কম জমির মালিক), প্রান্তিক (৫-৪৯ শতাংশ) ও ক্ষুদ্র (৫০-২৪৯ শতাংশ)সহ মোট ৫টি শ্রেণিতে কৃষকদের বিভক্ত করে ডিজিটাল ডেটাবেজ তৈরির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
