সিলেটে পরিবহণ শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ২২:০০
ছবি: সংগৃহীত
সিলেট নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পরিবহণ শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। জগন্নাথপুর রুটে আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষ চলাকালে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাস ও টিকিট কাউন্টারে ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত চারজন শ্রমিক আহত হন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশকে হিমশিম খেতে হয়।
পরবর্তীতে বিকাল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়া একটি পক্ষ শ্রমিক কার্যালয় দখলের চেষ্টা করলে জকিগঞ্জ রুটের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে পুরো টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, ব্যক্তিগত বিরোধ থেকে ঘটনার সূত্রপাত হলেও তা দ্রুত বিস্তৃত হয়। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল ইসলাম বলেন, আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করেই এ উত্তেজনা সৃষ্টি হয়। তিনি জানান, টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার পর কদমতলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যান চলাচলে আংশিক বিঘ্ন ঘটে। পরিবহণ নেতারা ও প্রশাসন মিলে বিষয়টি স্থায়ীভাবে মীমাংসার উদ্যোগ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
