ছবি: সংগৃহীত
জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এর আওতায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।
গেলো বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর ফলে অবৈধভাবে অবস্থানরত কোনো শ্রমিক চাইলে কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। এছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জর্ডানে থেকেই বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ ক্ষমার আওতায় শ্রমিকরা তাদের কর্মস্থল পরিবর্তনের সুযোগও পাবেন। গৃহকর্মীরা চাইলে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। এছাড়া যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গেছেন, তারাও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
জর্ডানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় প্রাপ্ত সুবিধাগুলো গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এ সুযোগ কাজে লাগিয়ে অবৈধ অবস্থানে থাকা প্রবাসীরা নিজেদের বৈধ করতে পারবেন অথবা কোনো আর্থিক জরিমানা ছাড়াই দেশে ফিরে আসতে পারবেন।
