ছবি: সংগৃহীত
বাংলাদেশে তৈরি হওয়া ‘মব সংস্কৃতি’ সরকার কঠোরভাবে দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় সব ধরনের আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন ও ড্রোন প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের আধুনিক ও উন্নত প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে। সীমান্তে চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে মালখানা ও হাজতখানার সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আন্তসীমান্ত অপরাধ দমনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। সীমান্ত নজরদারি আরও জোরদার করতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানো হচ্ছে।
এর আগে এক দিনের সফরে মঙ্গলবার দুপুরে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সফরের অংশ হিসেবে বিকেলে বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন-সংক্রান্ত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
