ছবি: ইমজা নিউজ
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। এর প্রভাব পড়েছে সিলেটেও। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সারাদেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে দেশের বিভাগগুলোর মধ্যে খুলনায় সর্বোচ্চ ৩৩৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ১৬৯, বরিশালে ১৩৭, রাজশাহীতে ১১২, ময়মনসিংহে ৮৪ এবং রংপুরে ৫৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
রাজধানীতেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৩ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন আরও ৩১৬ জন।
১১৭ জনের মৃত্যু
চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম কয়েক দিনেই মৃত্যু হয়েছে ২০ জনের।
এ ছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪২ হাজার ৫৯০ জন। এর মধ্যে ৩৯ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৯৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করাই যথেষ্ট নয়; একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিশেষ করে বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
সিলেটে নতুন রোগী শনাক্তের পাশাপাশি সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় নগরবাসীকেও বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
