সিলেট বিভাগের হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. জামাল মিয়া (৪৫) উপজেলার মিরাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং মিরাশী ইউনিয়নের নালমুখ বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল মিয়াকে গ্রেফতার করা হয়।
পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
