সিলেটে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ, ময়নাতদন্ত শেষে হস্তান্তর, হয়নি মামলা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০০
ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মর্মান্তিক এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্ত শেষে বিধি মোতাবেক মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের নিজ বসতঘর থেকে চম্পা রাণী দাশ (৩৫) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে হৃদি রাণী দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
নিহত চম্পা রাণী দাশ ওই এলাকার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চম্পা রাণী অন্তঃসত্ত্বা ছিলেন।
একই ঘর থেকে মা ও শিশুকন্যার এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলেও বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
