সিলেটে গাড়ি চালকের টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সওদাগরটুলা (চারাদিঘীরপাড়) এলাকার বরকত আলী (২০), দিরাই উপজেলার নয়াগাঁও এলাকার সানি আলম (২৪) এবং শাহপরান এলাকার মলাটিলা বটেশ্বরের রাকিব রানা (২২)।
পুলিশ জানায়, ৬ সেপ্টেম্বর এসআই মো. খলিলুর রহমানের নেতৃত্বে নাইওরপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা কোতোয়ালী মডেল থানার একটি ছিনতাই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামি।
মামলার এজাহার অনুযায়ী, ২৮ আগস্ট রাতে কোতোয়ালী থানাধীন বঙ্গবীর শিশু পার্ক এলাকায় লেগুনা চালক ও তার ভাইকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করা হয়।
তদন্তে সিডিএমএস যাচাই করে বরকত আলীর বিরুদ্ধে তিনটি এবং সানি আলমের বিরুদ্ধে একটি পূর্ব মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
