ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে সিলেটের শিশু নাহিলের মর্মান্তিক মৃ/ত্যু
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৫
ছবি: সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী অবারভিলিয়ে এলাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম নাহিল (২)। সে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে।
এই ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অবারভিলিয়ের একটি আবাসিক ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটির একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফরাসি দমকল বাহিনীর প্রায় ১১০ জন কর্মী। পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দীর্ঘ প্রচেষ্টার পর হতাহতদের উদ্ধার করে।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়ান’ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সী শিশু নাহিলের মরদেহ উদ্ধার করা হয়। আহত সাতজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের ভয়াবহতায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অবারভিলিয়ে শহরের মেয়র সোফিয়েন কাররুমি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে গ্যাস লিকেজ থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটেছে। তবে সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, প্রবাসে এক বাংলাদেশি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়েও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
