সিলেট নগরীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ৩০ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জল্লারপাড় এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ সোহেল আহমদ (২০) এবং আখালিয়ার নেহারীপাড়া এলাকার বাসিন্দা আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। সোহেলের স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামে এবং হৃদয়ের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দিঘলী রামপুর গ্রামে।
মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ৪ সেপ্টেম্বর জল্লারপাড় এলাকা থেকে সোহেল আহমদ এবং ৬ সেপ্টেম্বর নেহারীপাড়া এলাকা থেকে রবিউল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়।
এদিকে, নগরীর কোতোয়ালী থানাধীন রিকাবীবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টায় তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন রিকাবীবাজার এলাকায় নূরী রেষ্টুরেন্টে সামনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কোতোয়ালী থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে।
