সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ১ কোটি ৮৬ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে।
অদ্য ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপি’র সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও আটক করা হয়।
আটককৃত চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
