https://www.emjanews.com/

18414

sylhet

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭

আপডেট

০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪০

সিলেট

সিলেটে ভোট চেয়ে পোস্টার লাগালে ৬ মাসের জেল, অর্ধলক্ষ টাকা জরিমানা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭

ছবি- সংগৃহীত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধসহ মিছিল, শোডাউন ও বিভিন্ন কার্যক্রমে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়।

নতুন বিধিমালায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। ভবন, দেয়াল, গাছ, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টসহ কোথাও প্রচারসামগ্রী স্থাপনেও নিষেধাজ্ঞা থাকবে।

তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকাশ্য মিছিল ও শোভাযাত্রা করা যাবে না। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান ও ট্রেন ব্যবহার করে মিছিল বা শোডাউনও নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনি প্রচারে হেলিকপ্টারসহ কোনো ধরনের আকাশযান ব্যবহারেরও অনুমতি নেই।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীকে আগেই কোন কোন মাধ্যমে প্রচার চালানো হবে তা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। একই সঙ্গে ডিজিটাল প্রচারণায় ব্যয়ও নির্বাচনি হিসাবের আওতায় থাকবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে বিশেষ বিধান রাখা হয়েছে। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক বা ব্যক্তিগত আক্রমণাত্মক কনটেন্ট প্রচার করতে পারবেন না।

এছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে। বিধিমালা ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নতুন এই বিধিমালা নির্বাচনি প্রচারণার ধরন ও ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ আনতে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।