ছবি: সংগৃহীত
ফের উত্তপ্ত হয়ে উঠেছে সৌদি আরব ও ইয়েমেন সীমান্ত। মঙ্গলবার ভোর থেকে সৌদি আরবে একের পর এক হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। সৌদি কর্তৃপক্ষের দাবি, এসব হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি-ইয়েমেন সীমান্তের আল-ওয়াদিয়াহ ক্রসিংয়ের কাছে সৌদির সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জামবাহী একাধিক ট্রাক লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। সংবাদসংস্থা ‘ইয়েমেন নিউজ এজেন্সি’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয়ভাবে তৈরি।
হামলার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি-ইয়েমেন সীমান্তের আল-ওয়াদিয়াহ ক্যাম্পে সৌদি সেনাঘাঁটি ও সেনাদের ওপর বেশ কিছুদিন ধরেই নজরদারি চালাচ্ছিল হুথিরা। ওই ঘাঁটির আশপাশে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রবাহী যানবাহনের উপস্থিতি শনাক্ত করার দাবি করেছে গোষ্ঠীটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক সরঞ্জামবাহী একটি ট্রাকে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ট্রাকে আঘাত হানার পর পরই একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী।
ভিডিওতে আরও দেখা যায়, বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে কয়েকজন সেনাসদস্য ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তবে ভিডিওটি ঠিক কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, কিংবা এতে যে হামলার দৃশ্য দেখানো হয়েছে তা সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না-তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি কর্তৃপক্ষ ও হুথিদের পক্ষ থেকে হামলার ঘটনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্যও পাওয়া যাচ্ছে। ফলে হামলার প্রকৃত লক্ষ্য, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সামরিক হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায় নি।
