ছবি: সংগৃহীত
ভারতের ভেতরে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে মাটি ও পাথরের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ইউনুস আলী (২২) নামে সিলেটের এক বাংলাদেশি যুবক।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার পর একটি কয়লাখনিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের (পশ্চিমপাড়া) বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে। অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ দিন ধরে তিনি ভারতের অভ্যন্তরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে ভারতের কলারছড়া এলাকায় একটি কয়লাখনিতে কাজ করছিলেন ইউনুস। বুধবার সকাল পৌনে ১০টার দিকে গর্ত থেকে কয়লা তোলার সময় আকস্মিক ওপর থেকে মাটি ও পাথরের একটি বিশাল স্তূপ ধসে পড়ে। এতে তিনি গর্তের নিচে আটকা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ভারতের অভ্যন্তর থেকে তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় এ ধরনের ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
