ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে কার্যক্রম থেকে অব্যাহতি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের গোপনে ডেকে কুরুচিপূর্ণ কথা বলা, অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শের চেষ্টা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম তালুকদার ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করে ক্লাসে ফিরে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ছাত্রীদের একা ডেকে ব্যক্তিগত ও অশালীন মন্তব্য করতেন। অষ্টম শ্রেণির এক ছাত্রীর অভিযোগ, তাকে বয়ঃসন্ধিকাল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং শরীরের পালস মাপার কথা বলে বোরকা খুলতে বলা হয়। বিষয়টি প্রধান শিক্ষককে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার জানান, এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
