শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতা রক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রেস সচিব আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে। তবে এই স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়। গণমাধ্যমের সীমা নির্ধারণের চূড়ান্ত এখতিয়ার আদালতের বলেও তিনি মন্তব্য করেন।
তিনি তথ্যপ্রযুক্তির যুগে গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে গণমাধ্যমগুলোকে নিজস্ব উদ্যোগে ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা চালুর আহ্বান জানান। তাঁর মতে, দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এটি এখন অপরিহার্য।
দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, পূর্বের ভঙ্গুর প্রশাসনিক কাঠামো ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিচ্ছে।
তিনি আরও দাবি করেন, সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঝুঁকি কাটিয়ে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।
