নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকরা কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৪
ছবি: সংগৃহীত
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন এই বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও অন্তর্ভুক্ত হচ্ছেন। তবে তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির নিয়ম থাকায় এখন অপেক্ষা সেই আদেশের।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করে খুব শিগগিরই পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত জনবল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে। শিগগিরই তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি হবে।’
এদিকে নতুন পে স্কেলের বর্ধিত বেতন চলতি সেপ্টেম্বর মাস থেকেই হাতে পাওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী অক্টোবর মাসের বেতন, অর্থাৎ নভেম্বরের দিকে নতুন স্কেলের বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনা বেশি।
তবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়ার সুযোগ থাকায় শেষ মুহূর্তে সরকার সিদ্ধান্ত নিলে চলতি মাস থেকেই বর্ধিত বেতন দেওয়ার সুযোগ রয়েছে।
অর্থ বিভাগের একটি সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার তথ্য আইবাস++ সফটওয়্যারে পাঠাতে হয়। সাধারণত প্রতি মাসের ২০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানকে এসব তথ্য জমা দিতে হয়। এরই মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান সেপ্টেম্বরের বেতন-ভাতার তথ্য পাঠিয়েছে। বাকিরাও নির্ধারিত সময়ের মধ্যে পাঠাবে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সরকার চাইলে সেপ্টেম্বর থেকেই বর্ধিত বেতন দিতে পারে। তবে এই সম্ভাবনা কম। আগামী অক্টোবরের মাস থেকে অর্থাৎ নভেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনাই বেশি।’
নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ম ও তার ওপরের গ্রেডের কর্মকর্তারা নতুন স্কেলের বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন।
এই বাড়তি অর্থ হিসাব করা হবে গত ৩০ জুন সংশ্লিষ্ট কর্মচারী বা কর্মকর্তারা যে মূল বেতন পেয়েছেন, তার ভিত্তিতে।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৯ম ও তার ওপরের গ্রেডের কর্মকর্তারা নতুন স্কেলের বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ হারে সুবিধা পাবেন।
এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।
