'অনুকূল পরিবেশ' হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কিছু বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং অনুকূল পরিবেশ তৈরি হলে সফর হতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিনিধি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সফর নিয়ে নানা গুঞ্জন থাকলেও সরকার বাস্তবতার নিরিখে বিষয়টি এগিয়ে নিচ্ছে। কোনো এক পর্যায়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা এগোচ্ছে।
হুমায়ুন কবির জানান, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকটি ছিল আন্তরিক ও ফলপ্রসূ।
