খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
সিলেট ও হবিগঞ্জে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়নকাজ সরেজমিনে দেখতে বুধবার সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। দিনব্যাপী সফরে তিনি মহাসড়কের সিলেট ও হবিগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া বাজার এলাকায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী।
এরপর দুপুর ১টা ২০ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মহাসড়ক নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
পরিদর্শনকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন মন্ত্রী। বেলা ১১টা ৪০ মিনিটে সিলেট সদর উপজেলার সুরমা নদীর বামতীরের কানিশাইল এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করবেন তিনি।
পরে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের দুটি নির্মাণকাজের স্থান পরিদর্শন শেষে দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হবেন খন্দকার আব্দুল মুক্তাদির।
বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পটি সিলেট বিভাগের যোগাযোগব্যবস্থা ও আঞ্চলিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। মন্ত্রীর সরেজমিন পরিদর্শনে চলমান কাজের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
