গণমানুষের কবি দিলওয়ারের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ২১:১২
কবি দিলওয়ার।
দেশের বরেণ্য কবি, অনুবাদক, গীতিকার, ছড়াকার, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী ১০ অক্টোবর। এ উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমায় কবির নিজ বাড়িতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোর থেকে দিনব্যাপী এসব কর্মসূচিতে কবির দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য পাঠক, ভক্ত, অনুরাগী, স্বজন, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।
সকাল ১১টায় দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি ভবনে তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বৈশাখী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে সিলেটের নজরুল একাডেমিতে কবির অনুরাগীদের নিয়ে আরও একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
দিনব্যাপী কর্মসূচিতে কবি দিলওয়ার পরিষদ, কবির পরিবার ও স্বজন, এলাকাবাসী, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ, মাসিক প্রতিভাত পরিবার, বৈশাখী যুব কল্যাণ পরিষদ, বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখা, মাই সিলেট টিভি, স্বপ্নছায়া সমাজ কল্যাণ পরিষদ জকিগঞ্জ, টাচ অব সিলেট, অংকুর সাহিত্য পাঠাগার সিলেট, আমাদের ডাক পত্রিকা পরিবার, অনুপ্রাণন সাহিত্য পত্রিকা, জকিগঞ্জ সাহিত্য সংসদ (জাসাস), সিলেট ভিউ-ইনু সিটি স্যাটেলাইট স্কুল, একুশে নেট অ্যান্ড প্রিন্টিং এবং বাংলাদেশ পোয়েট্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেবে।
এ ছাড়া সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি এবং সংগঠনের প্রতিনিধিদেরও কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কবি দিলওয়ার পরিষদের আজীবন সদস্য কামাল আহমদ জানিয়েছেন, মত ও পথের ভিন্নতা ভুলে সমাজের সর্বস্তরের মানুষকে কবির মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
গণমানুষের কবি হিসেবে পরিচিত দিলওয়ার বাংলা কবিতায় সাধারণ মানুষের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও অধিকারকে গভীরভাবে তুলে ধরেছেন। তাঁর সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সংস্কৃতিতে বিশেষ স্থান করে নিয়েছে।
