শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

19694

art-literature

প্রকাশিত

১৭ অক্টোবর ২০২৬ ১৪:০১

শিল্প সাহিত্য

আজ লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ১৪:০১

ছবি: সংগৃহীত

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’-িমানুষের ভেতরেই পরম সত্যের সন্ধান করেছিলেন যে মরমি সাধক, তাঁর গান আজও বাঙালির হৃদয়ে জাগায় মানবতার বোধ। জাত-ধর্মের দেয়াল ভেঙে মানুষকে মানুষ হিসেবে দেখার যে দর্শন তিনি রেখে গেছেন, সময়ের সীমানা পেরিয়ে তা আজও সমান প্রাসঙ্গিক। তিনি বাউলসম্রাট ফকির লালন শাহ। আজ ১৭ অক্টোবর, তাঁর ১৩৬তম তিরোধান দিবস।

উনিশ শতকের বাংলার লোকজ আধ্যাত্মিকতা, বাউলসাধনা ও মানবতাবাদী দর্শনের এক অনন্য নাম লালন শাহ। তাঁর গান শুধু সুরের মূর্ছনা নয়, বরং আত্মজিজ্ঞাসা, জীবনবোধ ও সমাজের প্রচলিত বিভেদের বিরুদ্ধে এক গভীর প্রতিবাদ। দেহতত্ত্ব, মনের মানুষ, আত্মপরিচয় ও মানবধর্মের নানা প্রশ্ন তিনি সহজ অথচ দার্শনিক ভাষায় তুলে ধরেছেন গানে গানে।

‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’-এই প্রশ্নের মধ্য দিয়েই যেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন জাতপাত ও ধর্মীয় পরিচয়ের অহংকারের দিকে। মানুষের পরিচয় কি তার জন্মে, ধর্মে, নাকি তার মনুষ্যত্বে-লালনের গানের পরতে পরতে ফিরে এসেছে সেই চিরন্তন অনুসন্ধান।

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আজ শনিবার থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন। একই উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থাকছে আলোচনা, সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লালনের স্মৃতিবিজড়িত ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হবেন সাধু, বাউল-সাধক, ভক্ত, গবেষক ও দর্শনার্থীরা। একতারা, দোতারা ও খমকের সুরে গাওয়া হবে তাঁর কালজয়ী গান। গানের আসরে মিলবে সাধনার আবহ, ভাবের আদান-প্রদান আর মানুষের সঙ্গে মানুষের আত্মিক সংযোগ।

লালনের দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, লোকসংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

লালন দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্ম সচিব ও মহাপরিচালক মোহা. হারুন-অর-রশীদ। আলোচনা পর্ব শেষে থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার ১৭ অক্টোবরকে লালন সাঁইয়ের তিরোধান দিবস হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ওই বছর থেকে জাতীয় পর্যায়ে দিবসটি ঘিরে আয়োজন শুরু হয়।

১৮৯০ সালের ১৭ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন লালন শাহ। কিন্তু তাঁর জীবনাবসানের মধ্য দিয়ে থেমে যায়নি তাঁর সৃষ্টির যাত্রা। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর গান ও দর্শন ছড়িয়ে পড়েছে দেশ-দেশান্তরে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডির বাইরে থেকেও লালন মানুষের জীবন, সমাজ, আত্মা ও অস্তিত্ব নিয়ে এমন সব প্রশ্ন তুলেছিলেন, যেগুলো আজও দর্শন ও গবেষণার বিষয়। তাঁর গানে যেমন রয়েছে আত্মার মুক্তির আকাঙ্ক্ষা, তেমনি রয়েছে কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।

লালন কোনো সংকীর্ণ পরিচয়ের মধ্যে মানুষকে আটকে রাখতে চাননি। তাঁর সাধনার কেন্দ্রে ছিল মানুষ; মানুষের ভেতরের সত্য, প্রেম ও আত্মিক মুক্তি। সেই কারণেই তাঁর গান শুধু বাউলসমাজের সম্পদ হয়ে থাকেনি; তা হয়ে উঠেছে বাংলা সংস্কৃতির এক অমূল্য উত্তরাধিকার।

আজ তিরোধান দিবসে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে যখন বেজে উঠবে একতারার সুর, তখন লালনকে স্মরণ করা হবে শুধু একজন সাধক কিংবা গীতিকার হিসেবে নয়, বরং এমন এক চিন্তানায়ক হিসেবে, যিনি মানুষকে চিনতে শিখিয়েছেন মানুষেরই আয়নায়।

দেহের অবসান হয়েছে এক শতাব্দীরও বেশি আগে। কিন্তু তাঁর প্রশ্ন, তাঁর গান, তাঁর মানবতাবাদী দর্শন আজও জীবন্ত। বিভেদের পৃথিবীতে লালনের বাণী তাই বারবার মনে করিয়ে দেয়; মানুষের চেয়ে বড় পরিচয় আর কী হতে পারে!