সুনামগঞ্জে বিশুদ্ধ পানি প্রকল্পের কাজে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ২২:০২
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বাদাঘাট ইউনিয়নের উদ্যোগে বাদাঘাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুযায়ী পাইপলাইনের নিচে ও ওপরে ছয় ইঞ্চি করে বালু দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। কাজের প্রায় ৬০ শতাংশ শেষ হলেও কোথাও বালু ব্যবহার করতে দেখা যায়নি। এতে পাইপলাইনের স্থায়িত্ব ও নিরাপদ পানি সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাঁরা।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, পাইপলাইন স্থাপনের কাজে অনিয়মের বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে তিনি সরেজমিনে কাজ পরিদর্শন করে শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। কিন্তু এরপরও আগের পদ্ধতিতে কাজ চলমান রয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজের মান বজায় রাখার দাবি জানান তিনি।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আমির শাহ বলেন, পাইপলাইনের নিচে ও ওপরে নির্ধারিত পরিমাণ বালু দেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু সংশ্লিষ্টরা তা অনুসরণ করছেন না, ইতোমধ্যে যেসব পাইপ স্থাপন করা হয়েছে, সেগুলো তুলে নির্ধারিত প্রাক্কলন ও শিডিউল অনুযায়ী বালু দিয়ে পুনরায় স্থাপনের দাবি জানান তিনি।
বণিক সমিতির অর্থবিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান বলেন, বাদাঘাট, কামরাবন্দ ও মল্লিকপুরসহ আশপাশের এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। পাইপের নিচে ও ওপরে বালু না দিলে পাইপে কোনো ধরনের লিকেজ সৃষ্টি হলে মাটি ও জীবাণু প্রবেশের আশঙ্কা থাকতে পারে। তাই জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ যথাযথ নিয়মে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাদাঘাট বাজার বণিক সমিতির অর্ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান, শ্রমিক নেতা মো. আজিজুল রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডা. হাবিবুর রহমান, জেলা যুবদল নেতা এম এম মাহবুবুর মুল্লিক, কামরাবন্দ গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলাম সাদ্দামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।