ছবি: সংগৃহীত
মিরপুর টেস্টে হারের পর সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে সিলেটে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একটি পরিবর্তন আনা হয়েছে। কনকাশনজনিত কারণে খেলতে না পারায় মুমিনুল হকের পরিবর্তে সুযোগ পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান।
শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন অমিত হাসান। তাঁর জায়গা করে দিতে বাদ পড়েছেন মুমিনুল হক।
প্রথম টেস্টে মাথায় আঘাত পাওয়ার পর কনকাশনের কারণে খেলা চালিয়ে যেতে পারেননি মুমিনুল। বিসিবি জানিয়েছে, কনকাশন নীতিমালা অনুযায়ী, কোনো খেলোয়াড়ের কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে তাঁকে বাধ্যতামূলকভাবে অন্তত সাত ক্যালেন্ডার দিন খেলার বাইরে থাকতে হয়। এ নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।
