ছবি: সংগৃহীত
প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। তিনি বলেছেন, সরকারের নেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে হবে। এ জন্য সমাজের পিছিয়ে পড়া মানুষ ও প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট নগরের জিন্দাবাজারে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিফতাহ সিদ্দিকী।
মিফতাহ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী চিকিৎসক জুবাইদা রহমান প্রতিবন্ধী মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে। দৃষ্টিশক্তি না থাকলেও অনেকেই সমাজে অবদান রাখছেন। তাঁদের মধ্যে জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান অন্যতম। নিজে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি এ সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করতে নিরলসভাবে কাজ করছেন, যা প্রশংসনীয়।
তিনি সরকারের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষিত ও স্বাবলম্বী করে তুলতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জিডিএফের উপদেষ্টা ও সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাসিব রাজা চৌধুরী, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, জিডিএফের সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি ডি রুমু এবং জাসাস সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. রায়হান এইচ খান।
জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সম্মানিত অতিথির বক্তব্য দেন বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ বাংলাদেশের সভাপতি চিকিৎসক বিষু চন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা দল সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সিলেট জেলা প্রচার দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম এনাম এবং বিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. দিদার আহমদ।
জিডিএফের সমন্বয়কারী শারমিন আক্তার রেবার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানসহ অতিথিরা।
