ছবি: সংগৃহীত
এমএলএসে পাঁচটি হলুদ কার্ড দেখেও পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হচ্ছেন না ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লিগের বিশেষ শৃঙ্খলাবিধির কারণে কার্ডের সংখ্যা কমে যাওয়ায় নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি।
আগামী সোমবার ভোরে এমএলএসের নিয়মিত মৌসুমের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিয়মিত মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ২৫০ ডলার জরিমানার মুখে পড়েন।
গত বুধবার সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। এটি ছিল চলতি মৌসুমে তাঁর পঞ্চম হলুদ কার্ড। ফলে নিয়ম অনুযায়ী তাঁর নিষেধাজ্ঞায় পড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না।
এর পেছনে রয়েছে এমএলএসের 'গুড বিহেভিয়ার ইনসেনটিভ' বা ভালো আচরণের প্রণোদনা নিয়ম। এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় হলুদ বা লাল কার্ড কিংবা অন্য কোনো শাস্তি ছাড়াই টানা পাঁচ ম্যাচ খেলতে পারলে তাঁর মোট হলুদ কার্ডের সংখ্যা থেকে একটি কমে যায়। নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা পাওয়া যায়।
মেসি চলতি মৌসুমে তিনবার এমন টানা পাঁচ ম্যাচের বেশি সময় কার্ড ছাড়াই খেলেছেন। ফলে তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে পাঁচটি হলুদ কার্ড থাকলেও নিষেধাজ্ঞার হিসাবের ক্ষেত্রে কার্যকর কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র দুইয়ে।
মৌসুমের শুরুতে কার্ড ছাড়াই টানা পাঁচ ম্যাচের বেশি খেলেছিলেন মেসি। এরপর দুটি হলুদ কার্ড দেখলেও পরবর্তী পাঁচ ম্যাচে কোনো কার্ড না পাওয়ায় তাঁর কার্যকর কার্ডের সংখ্যা একটিতে নেমে আসে। পরে আরেকটি হলুদ কার্ড দেখে সংখ্যাটি দুইয়ে পৌঁছায়। এরপর টানা ১০ ম্যাচ কার্ড ছাড়াই কাটান তিনি। এতে কার্যকর কার্ডের সংখ্যা আবার শূন্যে নেমে আসে। তবে সাম্প্রতিক তিন ম্যাচের দুটিতে হলুদ কার্ড দেখায় সেটি আবার দুইয়ে দাঁড়িয়েছে।
এদিকে, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে জায়গা নিশ্চিত করতে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ইন্টার মায়ামির জন্য বেশ গুরুত্বপূর্ণ। দলটির প্রধান কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেস জানিয়েছেন, নিয়মিত মৌসুমে আর পয়েন্ট হারানোর সুযোগ নেই তাদের।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড রেভোল্যুশন। আর ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।
ইতিমধ্যে দুই দলই ২০২৬ এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে। তবে আগামী মৌসুমের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে জায়গা পেতে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভালো ফল করাটা মায়ামির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
