ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।
ইনিংসের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৮৫ রানে প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে হারানোর পর শেষ পর্যন্ত ৯১ রানেই গুটিয়ে যায় দলের ইনিংস। বাংলাদেশের আটজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম। তাওহিদ হৃদয় করেন ১৯ রান এবং সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভের ব্যাট থেকে আসে ১৮ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও মার্কো জেনসেন তিনটি করে উইকেট নেন। এনরিক নর্টজে শিকার করেন দুটি উইকেট।
বাংলাদেশের ইনিংসে শুরুতেই ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। দলীয় ৬ রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর মাহফিজুল ইসলাম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা হলেও ৩৬ রানের জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
এরপর মাত্র চার রানের ব্যবধানে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৬০, ৭৩ ও ৮৫ রানে একে একে আউট হন মুমিনুল হক, লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
