শিরোনাম
শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

20912

national

প্রকাশিত

২৬ নভেম্বর ২০২৬ ১৩:৩৮

জাতীয়

শেখ হাসিনার কথোপকথনের ভিডিও ভাইরাল: ছাত্রলীগ নেতা গ্রেফতার, অ/স্ত্র উদ্ধার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৩:৩৮

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গ্রেফতার আব্দুর রহমান আবেদ নরসিংদী শহরের গাবতলী এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি গাবতলীর জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় অবস্থান করছিলেন আবেদ। এ সময় স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। তিনি নরসিংদী মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হওয়ায় তাকে ওই থানায় হস্তান্তর করা হয়।

পরে আবেদের ব্যবহৃত মুঠোফোন পর্যালোচনা করে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে শহরের গাবতলী পুরানপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় পুরানপাড়া সেতুর পূর্ব পাশে বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তার দেখানো স্থানে একটি বিদেশি পিস্তল, একনলা বন্দুক, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ও বন্দুকের চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার আব্দুর রহমান আবেদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ‘নেত্রী’ নামে সংরক্ষিত একটি নম্বরে মুঠোফোনে অডিও কলে কথা বলছেন আবেদ।

কথোপকথনে আবেদ নিজেকে নিষিদ্ধ নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুর রহমান রিমনের ছোট ভাই পরিচয় দেন। কয়েক দিন আগে নিজের ও বন্ধুর নেতৃত্বে নরসিংদী সদরে ছাত্রলীগের মিছিল করার কথাও জানান। একপর্যায়ে তিনি শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘নেত্রী, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত।’ জবাবে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘জীবন দিতে হবে না, আগে তোমরা কাজ করো যেন দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাও।’

কথোপকথনে আবেদ জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা এবং সেখানে জামায়াতে ইসলামীর আমিরের সফরের প্রসঙ্গও তোলেন। দেশে ফিরে মাদরাসাটি সফরের আমন্ত্রণ জানালে শেখ হাসিনাকে ‘ঠিক আছে’ বলতে শোনা যায়।

জানা গেছে, আবেদ আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সমাবেশে সক্রিয় ছিলেন। এসব কর্মসূচির ছবি ও ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, আবেদ তাদের থানার একটি মামলার পলাতক আসামি। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। তার মুঠোফোনে অস্ত্রের ছবি পাওয়ার পর তাকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আবেদের মুঠোফোনে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও পাওয়া গেছে। তিনি পুলিশের কাছে কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন। তার মুঠোফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ভিডিওটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

**সম্পাদনা নোট:** ভিডিওটির সত্যতা এখনো ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়নি। তাই শিরোনামে ‘কথা বলা’ শব্দটি উদ্ধৃতিচিহ্নে রাখা হয়েছে। একইভাবে কথোপকথনের বক্তব্যগুলো ভিডিওতে শোনা যায় বলে উপস্থাপন করা হয়েছে।