https://www.emjanews.com/

13815

sylhet

প্রকাশিত

১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০০

সিলেট

নির্বাচনী পোস্টার অপসারণে মাঠে হাজী মুজিব, পরিচ্ছন্ন শহর গড়ার আহ্বান

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০০

ছবি: সাজু মারছিয়াং

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ের পর নিজ হাতে নির্বাচনী পোস্টার অপসারণ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় টানানো নিজের পোস্টার ও ব্যানার সরিয়ে এই কার্যক্রমের সূচনা করেন তিনি।

বিজয় লাভের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ এলাকায় নিজ হাতে একটি ব্যানার খুলে আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাদের এলাকা একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। নির্বাচনের আগে আমরা যেসব ব্যানার ও পোস্টার লাগিয়েছিলাম, সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে এই অপসারণ কার্যক্রম শুরু করেছি।

তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলুন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখুন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে একটি দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। এখানে আগত পর্যটকরা যেন বলতে পারেন-বাংলাদেশ সত্যিই সুন্দর। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সবাই মিলে কাজ করলে এই এলাকা আরও সুন্দর হয়ে উঠবে।

স্থানীয়দের মতে, নির্বাচনের পরপরই এমন উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সৌন্দর্য রক্ষায় ইতিবাচক বার্তা দেবে। একজন নবনির্বাচিত জনপ্রতিনিধির এমন সচেতন পদক্ষেপ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।