ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করেছে শিক্ষা মন্ত্রণালয়। হাইকোর্টের আদেশ ও পরে তা স্থগিত হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আগের নির্দেশনা স্থগিত হয়েছে। তবে পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত যে চূড়ান্ত নির্দেশনা দেবেন, সেটিই বাস্তবায়ন করা হবে।
মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে স্কুল ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এক রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।’
তিনি আরও বলেন, ‘যেহেতু চেম্বার আদালতে আগের নির্দেশনা স্থগিত হয়েছে, তাই আপাতত স্কুল খোলা থাকবে। তবে নতুন সরকার চাইলে রমজানে স্কুল ছুটি দিতে পারে।’
