‘মডেল আসন’ গড়ে তোলার প্রত্যয় এমপি এম এ মালিকের, চালু হচ্ছে ফেরি সার্ভিস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:২০
ছবি: সংগৃহীত
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) আগামী পাঁচ বছরে তার নির্বাচনী এলাকাকে একটি ‘মডেল আসন’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বালাগঞ্জ বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, সেতু নির্মাণ সময়সাপেক্ষ হলেও অন্তর্বর্তী সমাধান হিসেবে মৌলভীবাজারের সঙ্গে যোগাযোগ সহজ করতে আগামীকাল দুপুর ১২টায় ফেরিঘাট উদ্বোধনের মাধ্যমে ফেরি সার্ভিস চালু করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মালিক বলেন, ‘জনগণের ভোটে বিজয়ী হয়ে আমি উন্নয়ন ও সেবার রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ। এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চাই।’
তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। দাউদপুর এলাকা থেকে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১০ থেকে ১৫ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি ফেঞ্চুগঞ্জের মানিকপুর এলাকায় প্রায় ৪ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে, যা কৃষি উৎপাদন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমপি মালিক আরও বলেন, এলাকার ন্যায্য দাবি-দাওয়া ও উন্নয়ন নিশ্চিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আক্তার হুসেন টুটুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ওসমানীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
