শিরোনাম
সিলেটে ভূমিকম্প: উৎপত্তি মায়ানমার গভর্নর অপসারণের খবরে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের একটি গভীর ও বিশেষ সম্পর্ক রয়েছে: ব্রিটিশ হাইকমিশনার এমপি-মন্ত্রী হওয়া ক্ষমতার নয়, জনগণের প্রতি বড় দায়িত্ব: এমপি লুনা সরকারি মূল্য কমলেও সিলেটে কমেনি এলপি গ্যাসের দাম স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে ‘মডেল আসন’ গড়ে তোলার প্রত্যয় এমপি এম এ মালিকের, চালু হচ্ছে ফেরি সার্ভিস প্রশাসকের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী: সিসিককে গতিশীল করার প্রতিশ্রুতি এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ ও সর্বনিম্ন ১১০ টাকা পিলখানায় শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

14013

economics

প্রকাশিত

২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৪৮

অর্থনীতি

গভর্নর অপসারণের খবরে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৪৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার খবরে দেশের শেয়ারবাজারে হঠাৎ করেই ঘুরে দাঁড়ানোর চিত্র দেখা গেছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে পতন থেকে ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসে বাজারের প্রধান সূচক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনের বেশিরভাগ সময় মূল্যসূচক ছিল ঋণাত্মক। এমনকি লেনদেন শেষ হওয়ার ১৫ মিনিট আগেও সূচক ছিল নিম্নমুখী।

এ অবস্থায় বাজারে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর-কে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে। এই খবর বাজারে ‘টনিকের মতো’ কাজ করে। বিনিয়োগকারীরা হঠাৎ করেই শেয়ার কেনা বাড়িয়ে দেন। ফলে সূচক ঋণাত্মক অবস্থা থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী হয়ে দিনের লেনদেন শেষ করে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষে আজই নতুন গভর্নর নিয়োগ চূড়ান্ত হতে পারে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনের শুরু থেকেই দরপতনের তালিকা বড় হতে থাকে। সূচকের ঋণাত্মক প্রবণতার মধ্যেই লেনদেন চলছিল। তবে শেষ মুহূর্তে গভর্নর অপসারণের খবর আসার পর বিনিয়োগকারীরা শেয়ার কেনার পরিমাণ বাড়ান। এতে অনেক প্রতিষ্ঠান দরপতনের তালিকা থেকে বেরিয়ে আসে। যদিও দিন শেষে দাম কমার তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি ছিল।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৬৭টির দাম কমেছে এবং ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৪টির শেয়ারের দাম বেড়েছে, ১০৭টির দাম কমেছে এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের (১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া) কোম্পানির মধ্যে ৩৭টির দাম বেড়েছে, ২৭টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ গ্রুপভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৫৩টির শেয়ার দাম বেড়েছে, ৩৩টির দাম কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩টির দাম বেড়েছে, ১৭টির কমেছে এবং ১৪টির অপরিবর্তিত রয়েছে।

সব মিলিয়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫১ পয়েন্টে উঠে আসে।

সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৮২৪ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৫৯ কোটি ৪২ লাখ টাকা।

লেনদেনে শীর্ষে ছিল সিটি ব্যাংক, যার শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ২৩ লাখ টাকা। দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংক (১৮ কোটি ৭৭ লাখ টাকা) এবং তৃতীয় স্থানে ব্যাংক এশিয়া (১৫ কোটি ৫০ লাখ টাকা)।
এছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে রবি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ, ইস্টার্ন ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বিডি থাই ফুড।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৭ প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দাম বেড়েছে, ৮৪টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় কম।