সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের একটি গভীর ও বিশেষ সম্পর্ক রয়েছে: ব্রিটিশ হাইকমিশনার
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১৮
ছবি: ব্রিটিশ হাইকমিশন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সিলেট সফর করেছেন। সফরকালে তিনি ব্রিটিশ হাইকমিশন ঢাকার আয়োজনে এক ইফতার সংবর্ধনায় অংশ নেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সফরের অংশ হিসেবে হাইকমিশনার সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিের নেতৃবৃন্দ এবং সিলেটে কর্মরত ব্রিটিশ বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু সহনশীলতা, শিক্ষা ও অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সিলেট সফর প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ‘সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের একটি গভীর ও বিশেষ সম্পর্ক রয়েছে। এ অঞ্চলে এলে সবসময়ই তা বিশেষ অনুভূতির জন্ম দেয়।’
তিনি উল্লেখ করেন, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহনশীলতা, শিক্ষা এবং অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বিদ্যমান।
তিনি আরও বলেন, বাংলাদেশ যখন নতুন এক অধ্যায়ের সূচনা করছে, তখন যুক্তরাজ্য দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী।
