এমপি-মন্ত্রী হওয়া ক্ষমতার নয়, জনগণের প্রতি বড় দায়িত্ব: এমপি লুনা
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৪৯
ছবি: সংগৃহীত
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন, এমপি বা মন্ত্রী হওয়া কোনো ক্ষমতার বিষয় নয়; বরং এটি জনগণের প্রতি একটি বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ্যগ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনছার আহমদের বাড়িতে বৃহত্তর ব্রাহ্মণ্যগ্রামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুএসব কার্যক্রম অতি দ্রুত শুরু করা হবে এবং এর সুফল আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ।
উন্নয়নের প্রসঙ্গ টেনে তাহসিনা রুশদী লুনা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে পর্যায়ক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। তিনি উপস্থিত সবার কাছে দেশনেত্রী খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং এই অঞ্চলের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর জন্য দোয়া কামনা করেন।
তিনি বলেন, এম ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে। ইলিয়াস আলীর উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা নিয়েই আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের যে প্রত্যাশা আছে, তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ছেরাগ আলী,গয়াছ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও কামরুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সমছু খান, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, সদস্য সচিব লয়লুছ আহমদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
