প্রবাসী কার্ড শিগগির চালু হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৮:১০
ছবি: সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করা হবে।
শনিবার (১ মার্চ) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, স্পেনে অবস্থানরত আন-ডকুমেন্টেড প্রায় ২৫ হাজার বাংলাদেশিকে বৈধকরণের বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে থাকা শ্রমবাজার- বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব ও মালয়েশিয়ার বাজার পুনরায় চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে দ্রুত অগ্রগতি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, এ সংক্রান্ত বিষয়ে একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে, যেখানে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, `মাসখানেকের মধ্যেই এ বিষয়ে আপনারা ফিডব্যাক পাবেন।'
এদিন বিকেলে নিজ সংসদীয় এলাকা গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, অবৈধভাবে বালু মহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের বলেছিলাম, আমাকে ১২ তারিখ পর্যন্ত সময় দিন; ১৩ তারিখ থেকে আপনাদের জন্য কাজ শুরু করব। নির্বাচনের সময় দেওয়া আমার সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।’
গোয়াইনঘাটের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আগামী মার্চ মাস থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ শুরু হবে। চিকিৎসাসেবার মানোন্নয়নে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত চালু করা এবং নিয়মিত চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে। এছাড়া খাল খনন, উপজেলা পরিষদের পুকুরের চারপাশে গাইড ওয়াল নির্মাণ এবং শহরের আদলে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে বলেও তিনি জানান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
