ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর পাড় ধসে বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে জৈন্তাপুর উপজেলা-র ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের প্রায় ৩০০ ফিটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়ে। এতে ওই যুবক বালুর নিচে চাপা পড়েন।
নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি আব্দুল করিমের ছেলে এবং আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি পরিবহন শ্রমিক ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় তিনি ভাঙনকবলিত অংশের পাশে অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “অবৈধ বালু উত্তোলনের সময় নদীর পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
