ছবি: সংগৃহীত
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ছে। এর প্রভাবে আজ সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবারও সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে। এদিনও দমকা হাওয়া ও বজ্রপাতের পাশাপাশি কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
শুক্রবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সিলেটের বেশিরভাগ জায়গায় বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারি বর্ষণও হতে পারে।
শনিবার ও রোববারেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রোববার সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
