ছবি: সংগৃহীত
হবিগঞ্জ থেকে সিলেটমুখী বিরতিহীন বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে হবিগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়।
এর আগে সোমবার রাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় সভা করে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের প্রভাব খাটিয়ে তার লোকজন শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটকে রেখেছেন। গত দুই দিনে ৩৫ থেকে ৪০টি বাস আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রায় ২০০ শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু সমাধানের দাবিতে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা হয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। আশা করছি, দ্রুতই বিষয়টির সমাধান হবে।
হঠাৎ কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে তারা জানতে পারছেন বাস বন্ধের খবর। ফলে অনেকে বাধ্য হয়ে সিএনজি চালিত অটোরিকশা বা অন্য যানবাহনে শায়েস্তাগঞ্জ গিয়ে সেখান থেকে গন্তব্যে রওনা হচ্ছেন।
এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।
